হোয়াটসঅ্যাপে ইউজারনেম ব্যবহারকারীদের জন্য ফোন নম্বরের গোপনীয়তা নিয়ন্ত্রণে নতুন সুবিধা চালুর প্রস্তুতি চলছে। নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন, ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে কারা তাঁদের ফোন নম্বর দেখতে পারবেন। এ জন্য রাখা হবে চারটি আলাদা গোপনীয়তা সেটিংস।
নতুন সুবিধায় ফোন নম্বর দৃশ্যমান রাখার ক্ষেত্রে ‘এভরিওয়ান’, ‘কনটাক্টস অনলি’, ‘কনটাক্টস একসেপ্ট সিলেক্টেড পিপল’ এবং ‘নোবডি’—এই চারটি বিকল্প থাকবে। অর্থাৎ ব্যবহারকারী চাইলে সবার জন্য নম্বর দৃশ্যমান রাখতে পারবেন, আবার শুধু পরিচিত ব্যক্তিদের জন্যও উন্মুক্ত রাখতে পারবেন। নির্দিষ্ট কয়েকজনকে বাদ দেওয়া কিংবা সবার কাছ থেকে নম্বর গোপন রাখার সুযোগও থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি কেবল তাঁদের জন্য কার্যকর হবে, যাঁরা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করলে অপর পক্ষের কাছে স্বয়ংক্রিয়ভাবে ফোন নম্বর গোপন থাকে। নতুন সেটিংস যুক্ত হলে এই গোপনীয়তা নিয়ন্ত্রণ আরও নমনীয় হবে।
নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার ডিফল্ট সেটিংস হিসেবে ‘নোবডি’ বা ‘কেউ নয়’ বিকল্পটি রাখা হতে পারে। এর ফলে ব্যবহারকারী নিজে অনুমতি না দিলে অন্যরা তাঁর ফোন নম্বর দেখতে পারবেন না। তবে যাঁরা আগে থেকেই ওই ব্যবহারকারীর নম্বর নিজেদের মোবাইলের পরিচিতি তালিকায় সংরক্ষণ করে রেখেছেন, তাঁরা চ্যাট ও কলের সময় নম্বরটি দেখতে পারবেন।
অর্থাৎ নতুন সুবিধাটি মূলত ইউজারনেমের মাধ্যমে পরিচিত হওয়া নতুন যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বরের গোপনীয়তা বাড়াবে। আগে থেকেই নম্বর সংরক্ষণ করা ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ একইভাবে কার্যকর হবে না।
ফিচারটি চালু হলে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের সময় নিজের ব্যক্তিগত নম্বর প্রকাশ না করেই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ আরও বাড়বে। বিশেষ করে যাঁরা ব্যক্তিগত নম্বরের পরিবর্তে ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করতে চান, তাঁদের জন্য এটি কার্যকর হতে পারে। তবে সুবিধাটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচি জানা যায়নি।
সূত্র: সামা টিভি