সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাজারে চাহিদাহীন সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে চালু রাখা হবে না: শিক্ষামন্ত্রী ২০২৭ সালে আসছে যেসব প্রিমিয়াম মোটরসাইকেল, নজর কাড়বে যেসব মডেল মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা? বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে ২.৮ সেকেন্ডে ১০০ কিমি গতি, নতুন ফেরারি ২৯৬ স্ট্রাডালে এক গ্রুপেই যুক্ত করা যাবে ১,৫০০ সদস্য, নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ মোবাইলের ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলেই কি চার্জ দেওয়া উচিত? নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন

দেশে নতুন এইচআইভি আক্রান্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে দ্বিগুণের বেশি

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২.৪০ পিএম
  • ২০ Time View
36

দেশে এইচআইভি সংক্রমণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। গত পাঁচ বছরে নতুন শনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীদের হার দ্বিগুণের বেশি বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী, যা মোট শনাক্তের প্রায় ১৭ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন বা ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন বা ১৪ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ৪২ জন, যা মোট শনাক্তের ৪ দশমিক ৪৩ শতাংশ। আর ২০২১ সালে নতুন শনাক্তদের মধ্যে শিক্ষার্থীদের হার ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ, ২০২২ সালের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে শনাক্তের হার ধারাবাহিকভাবে বেড়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সচেতনতার অভাব ও অনিরাপদ যৌনসম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক প্রচারণা জোরদার, এইচআইভি পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা এবং তাঁদের প্রতি সামাজিক বৈষম্য দূর করা জরুরি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, বিদেশি তহবিল কমে যাওয়ায় এইচআইভি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা কমে গেছে। স্কুল ও ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ খাতে নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বাড়াতে হবে।

জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয়। এরপর ২০২৫ সাল পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৩১৩ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। গত বছর এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৯ জন। এ পর্যন্ত দেশে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৬৬।

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২১ দশমিক ৫ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর। ১৫ থেকে ১৯ বছর বয়সী ছিলেন ৪ দশমিক ৮৭ শতাংশ। সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশ আক্রান্ত ব্যক্তির বয়স ছিল ২৫ থেকে ৪৯ বছর।

বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। তাঁদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, বেশি মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনার কারণে শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ কমেছে।

বিভাগটির এক উপস্থাপনায় এইচআইভি মোকাবিলায় কয়েকটি বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় সীমিত প্রবেশাধিকার এবং মাত্র ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষার সুবিধা থাকা। পাশাপাশি সচেতনতার ঘাটতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি শনাক্তের হার বৃদ্ধির এ চিত্র প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং তরুণদের মধ্যে সঠিক স্বাস্থ্যশিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026