
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মামলার বিষয়টি জানাজানি হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আরিফুল ইসলাম সাংবাদিকদের কাছে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পাশাপাশি থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি গাড়িসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ ছাড়া হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।