
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় তাঁর বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে দুপুরের পর পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়া হয়।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
একই দিনে টুঙ্গিপাড়ায় একাধিক রাজনৈতিক কার্যালয়, ব্যক্তিগত বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।