যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচজন মেধাবী শিক্ষার্থী সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (WUST) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সমঝোতা স্মারকের আওতায় ইনফরমেশন টেকনোলজি, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এর ব্যবহারিক প্রয়োগ, কারিকুলাম ও সিলেবাস সংস্কার, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মতো বিষয়ে যৌথ উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সমঝোতা স্মারকসংক্রান্ত লেখায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেশনজট নিরসন, পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন, দ্রুত ফল প্রকাশ এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিনির্ভর ও কর্মমুখী দক্ষতায় সমৃদ্ধ করা এবং গবেষণার সুযোগ সম্প্রসারণ করা। এ উদ্যোগের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার ক্ষেত্রেও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সমঝোতা স্মারককে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ বাড়বে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।