
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
মিয়ানমারে পাচারের চেষ্টাকালে প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালান। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা সিমেন্টের চালানটি পাওয়া যায়।
ঘটনায় আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।