মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম এমপির পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ, কলেজের নামফলক ভাঙচুর ও জেলা কার্যালয়ে প্রবেশ

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬.৩৭ পিএম
  • ৩৫ Time View
শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, শহরজুড়ে উত্তেজনা
শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, শহরজুড়ে উত্তেজনা
60

শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতা-কর্মী শহরের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে দুপুরে লগি-বৈঠা হাতে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

বিক্ষোভকারীদের কারও কারও হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় কলেজের মূল ফটকে থাকা ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলক ভেঙে ফেলা হয়। পরে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা।

এরপর কলেজের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। একইভাবে জেলা প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালানোর ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো।

পরে বিক্ষোভকারীরা শহরের ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। সেখানে কার্যালয়ের বন্ধ দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করেন তাঁরা। এ সময় কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া পুলিশের একটি সাঁজোয়া যানেও ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।

এদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’ নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নতুন নামফলক টাঙানো হয়েছে।

গোপালগঞ্জ সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন ইসলামের নেতৃত্বেও বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে।

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহরে প্রবেশ করতে থাকেন। এতে দুপুরের দিকে জেলা শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভের কারণে শহরের একাধিক এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে পুলিশকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে শনিবার রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন ছিল। এর আগে গত ১০ নভেম্বর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এ ঘটনায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026