রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালের টিকিট পেল পাকিস্তান মিসর, পাকিস্তান ও সৌদি আরবে শর্তহীন সামরিক সহায়তার বিরোধিতা এল-সায়েদের সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের সৌদি স্থাপনা ও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের ৩০ বছরের আগেই বিলিয়নিয়ার, ফোর্বসের তালিকায় তরুণ ধনকুবের কারা? মিয়ানমারের রাখাইনে আশ্রয়শিবিরে জান্তার বিমান হামলা, নিহত ১২ উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করবে গুগল, মিলবে যেসব সুবিধা এমপি নুসরাত তাবাসসুমের পিতার বিরুদ্ধে দৌলতপুরে মামলা দায়ের রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

এমপি নুসরাত তাবাসসুমের পিতার বিরুদ্ধে দৌলতপুরে মামলা দায়ের

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯.৫৯ পিএম
  • ১৪ Time View
25

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পিতা মো: আব্দুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন ভুক্তভোগী ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। এতে আব্দুল হালিমের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে কেনেন ইদ্রিস আলী। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়িঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। তবে ওই জমি দখলের উদ্দেশে আব্দুল হালিম বিভিন্ন সময় লোকজন নিয়ে তাকে উচ্ছেদ, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন ইদ্রিস।

এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ইদ্রিস আলী বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আব্দুল হালিমসহ অজ্ঞাত পরিচয়ের ৮ থেকে ১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাঁসুয়া, রামদা ও হাতকুড়াল নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। পরে আব্দুল হালিমের নির্দেশে অন্যরা বাড়িঘর ভাঙচুর করেন। এতে বসতঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভেঙে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে (৫৫) মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তারা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। এ ছাড়া বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, যাওয়ার সময় অভিযুক্তরা ওই জমির আশপাশে তাদের দেখতে পেলে পুরো পরিবারকে হত্যা ও গুম করার পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দেন।

ইদ্রিস আলীর অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে জানতে পারেন, তার কেনা জমিটি আব্দুল হালিম তার মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন।

জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে আবারও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে অভিযোগ করেন ইদ্রিস। আব্দুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকেসহ পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হচ্ছে বলেও লোক মারফত জানতে পেরেছেন বলে উল্লেখ করেন তিনি।

ইদ্রিস আলী জানান, বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে ঘটনার পরপরই থানা বা আদালতে যাওয়ার সাহস পাননি। পরে নতুন করে মামলায় জড়ানোর আশঙ্কা তৈরি হলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করেন।

ইদ্রিস আলী আরও জানান, আমার নিজের কোনও জমি নেই। অন্যের জমিতে বসবাস করি। আমি থানায় বিচারের আশায় মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে আব্দুল হালিম বলেন, মামলার বিষয়টি এখনও নিশ্চিত নই। যতদূর জানি, ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং স্থানীয়দের সঙ্গে তার বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

তিনি আরও বলেন, ভাইদের সঙ্গে জমি কেনাবেচা নিয়ে একটি ঘটনা রয়েছে। কারও প্ররোচনায় ইদ্রিস আলী এখন থানায় মামলা করে থাকতে পারেন। তবে মামলার বিষয়টি তিনি জানি না।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আব্দুল হালিমকে আসামি করে দৌলতপুর থানায় মামলাটি হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার এসআই মহসিন চৌধুরী জানান, তাকে মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখনও তদন্ত কার্যক্রম শুরু করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026