
ঝিনাইদহ প্রতিনিধি:
ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করার লক্ষ্যে ঝিনাইদহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উদ্যোগে ‘বাংলা কিউআর সম্প্রসারণবিষয়ক সচেতনতামূলক সভা’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক শামসুল আরেফীন। তিনি বাংলা কিউআরের ব্যবহার ও সুবিধা তুলে ধরে বলেন, এ পদ্ধতি ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সুযোগ সৃষ্টি করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক সুফিয়া আক্তার। তিনি বলেন, বাংলা কিউআরের মাধ্যমে মার্চেন্টরা সহজে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। অন্যদিকে গ্রাহকেরাও দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন সম্পন্ন করার সুযোগ পাবেন। এ সময় তিনি ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ইউসিবির বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতার কথাও তুলে ধরেন।
সভায় বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন পণ্য ও সেবার মার্চেন্ট আউটলেট। সেখানে অতিথি ও দর্শনার্থীরা বাংলা কিউআর স্ক্যান করে সরাসরি পণ্য কিনে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধি পাবে এবং দেশে নগদবিহীন, নিরাপদ ও আধুনিক লেনদেনব্যবস্থা আরও সম্প্রসারিত হবে।