
সামসু উদ্দিন বাবু, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে “কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার স্টেশন চৌমুহনী এলাকার ছমরুন্নাহার প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইকবাল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু বলেন, “কুলাউড়ার উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। স্বাধীনতার দীর্ঘ সময় পরও উপজেলার অনেক কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়িত হয়নি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছি। আগামী পাঁচ বছরের মধ্যে কুলাউড়াকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “সিলেট বিভাগের খ্যাতিমান চিকিৎসকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করবে বলে আমি আশাবাদী। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যেন স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান চন্দন এবং বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারটি আধুনিক রোগ নির্ণয় সুবিধা, উন্নত ল্যাবরেটরি সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ প্রদানের মাধ্যমে কুলাউড়া ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে।