
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মাহমুদুর রহমান। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন।
মুকসুদপুর থানায় যোগদানের আগে তিনি সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা ও রাজবাড়ী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও থানায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে নবাগত এই কর্মকর্তার। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে মুকসুদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
নবযোগদানকৃত ওসি মো. মাহমুদুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দুপুরে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই দিন কাশিয়ানী উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের বাড়ি ও বিএনপির কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মুকসুদপুর থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা তৈরি হয়েছে।