বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের নতুন মিটার নিতে এখন অনলাইনে আবেদন করুন যেভাবে আজও শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ঘূর্ণিঝড় আকভান এর গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়? নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে? আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি? শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস

ঘূর্ণিঝড় আকভান এর গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২.২৪ পিএম
  • ১৪ Time View
30

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ গতিপথ পরিবর্তন করেছে। বর্তমানে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য আঘাতের আশঙ্কায় ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে ওডিশা সরকার।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে মাচিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে আঘাত হানতে পারে। এ সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ওডিশার গোপালপুরের মধ্যবর্তী যেকোনো স্থানে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের প্রভাব পুরী পর্যন্ত অনুভূত হতে পারে। আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেলে ঘূর্ণিঝড়টির গতিপথ আবারও বাঁক নেওয়ার সম্ভাবনা দেখা গেছে।

ঘূর্ণিঝড় ও এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ওডিশার ১৪টি উপকূলীয় ও আশপাশের জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হলো গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, যাজপুর, ঢেঙ্কানাল, কেওনঝড় ও ময়ূরভঞ্জ। এসব জেলার বেশির ভাগ এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ ও উপকূলীয় ছয়টি জেলার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অন্য জেলাগুলোতেও পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ওডিশার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের চিহ্নিত করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলোকে।

বিশেষ করে কাঁচা ঘরে বসবাসকারী এবং উপকূলীয় ও নিচু এলাকার মানুষদের ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি চলছে। ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য ভূমিধসের ঝুঁকি বিবেচনায় ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদেরও আগেভাগে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ঘূর্ণিঝড় ‘আর্নব’-এর পর অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ওডিশায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026