বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ইবিতে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রক্টরিয়াল বডির ছয় সিদ্ধান্ত

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬.৫৫ পিএম
  • ২১ Time View
41

ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ৬ দফা সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রক্টরের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত ক্রীয়াশীল সকল ছাত্র সংগঠন, ছাত্রউপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির সমন্বয়ে অনুষ্ঠিত ১৪১ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে– ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের লাইসেন্স ও চালকের ড্রাইভিং লাইসেন্স প্রক্টর অফিসে জমা, বহিরাগত প্রবেশে নিয়ন্ত্রণ, মোটরসাইকেলের গতিসীমা নির্ধারণ, ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত, কর্মসূচি আয়োজন ও প্রচার-প্রচারণায় নীতিমালা অনুসরণ এবং আসন্ন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনকে সহযোগিতা করা।

সভায় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মামুন আল রশীদ, সহকারী প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. আব্দুল বারী, প্রফেসর ড. খাইরুল ইসলাম, প্রফেসর ড. খোদেজা খাতুন, ড. আফরোজা বুলবুল, আতিকুর রহমানসহ, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলকারী মোটরসাইকেলের লাইসেন্স ও চালকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আগামী সাত দিনের মধ্যে প্রক্টর অফিসে জমা দিতে হবে। একটি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি চলাচল করতে পারবেন না এবং ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে অনুরোধ পাওয়া ছাড়া কোনো বহিরাগত ছাত্রসংগঠনের বরাতে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে নিজ নিজ সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অনুমতি সাপেক্ষে ছাত্রসংগঠনগুলো নিজ নিজ কর্মসূচি আয়োজন করতে পারবে। কর্মসূচির প্রচার-প্রচারণার জন্য অনুমতি নিয়ে সর্বোচ্চ ১০ দিন আগে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো যাবে। কর্মসূচি শেষ হওয়ার সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে ফেলতে হবে। তবে প্রধান ফটকের ক্ষেত্রে কর্মসূচির আগে তিন দিন এবং পরে কর্মসূচির দিনসহ দুই দিন পর্যন্ত ব্যানার ও ফেস্টুন রাখা যাবে। কর্মসূচিতে মাইক ব্যবহারের প্রয়োজন হলে অনুমতি নিয়ে তা ব্যবহার করতে হবে। পাশাপাশি, আসন্ন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও কনভোকেশন সফল করতে ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতা করার বিষয়ে একমত হন ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026