বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

মাভাবিপ্রবিতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫.৪৬ পিএম
  • ২২ Time View
33

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ৭টায় মাজারে শ্রদ্ধা নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিসপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভাসানী পরিবার, টাঙ্গাইল প্রেস ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় তবারক বিতরণ করা হয়। পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে এর আগের কয়েক দিন ধরেও নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ১৫ নভেম্বর মাওলানা ভাসানীর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে ‘মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের উদ্যোগে নির্মিত তাঁর জীবন ও কর্মভিত্তিক ২৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ভাসানী মেলা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মজলুম জননেতা মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026