বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ককটেল বিস্ফোরণ নিয়ে উত্তাল ঢাবি, শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩.৫৫ পিএম
  • ২৬ Time View
51

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তাঁরা এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা জানান মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা। বক্তারা বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠনগুলো পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান। তিনি বলেন, দেশে যখনই কোনো সংকট তৈরি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবসময় তার প্রতিবাদ করেছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। তবে গত কয়েক দিনের কর্মকাণ্ডের মাধ্যমে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করে তিনি বলেন, সরকারের এই সহনশীলতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনের সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের একটি বিশেষ জেলা এবং দেশের বাইরের কিছু জায়গায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের দোসররা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সরকার যেভাবে প্রশাসনের মাধ্যমে এসব পরিস্থিতি শান্ত করছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তা প্রশংসার দাবিদার। বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসীরা ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা রহমান বলেন, জুলাই হত্যাকাণ্ড ও আহতদের দুর্বিষহ জীবনের জন্য দায়ীদের প্রতিটি অপরাধের বিচার আইনি প্রক্রিয়ায় নিশ্চিত করতে হবে। দেশের বাইরেও জুলাই-সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট দেশগুলোর আইনে বিচার নিশ্চিত করতে সরকারের কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ধৈর্য, মানবাধিকার ও ন্যায়বিচারের ভিত্তিতে মোকাবিলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধনে সমাপনী ও সভাপতির বক্তব্যে চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এম কাওসার হাসান টগর বলেন, বিগত ১৬-১৭ বছর একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন গণতন্ত্রের লেবাসে দেশে খুন, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সচেতন শিক্ষার্থী ও ছাত্র-জনতা তাদের বিতাড়িত করলেও তারা আবারও ফিরে আসার চেষ্টা করছে। তবে আগুন-সন্ত্রাসের মাধ্যমে ফিরে আসার কোনো সুযোগ নেই। তাদের কর্মকাণ্ডের কারণেই তারা নিষিদ্ধ হয়েছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশিদ, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শাইক ইমতিয়াজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আলমগীর হোসেন সম্রাট, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুমানা পারভিন অ্যানি, কারুশিল্প বিভাগের প্রভাষক জাকিয়া আহমেদ ঝুমা এবং মার্কেটিং বিভাগের প্রভাষক রিয়াজ হাফিজ।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026