
আহসান হাবীব মানিক: সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে গ্যাস পাম্পে সিএনজিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ চালকরা। এর ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
বুধবার (১২ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন এলাকায় অবস্থিত একটি সিএনজি গ্যাস পাম্পে এই ঘটনা ঘটে।
চালকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা গাড়িতে গ্যাস পাচ্ছেন না। যার কারণে তাদের দৈনন্দিন আয়-রোজগার ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করেন।
চালকদের স্পষ্ট দাবি, নিয়মিত ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এদিকে এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় যাত্রী ও সাধারণ পথচারীরা।