
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে রাজস্থানের দৌসা জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত প্রায় ২টা ৩০ মিনিটে উত্তরাখণ্ডের হৃষীকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী একটি দূরপাল্লার এসি স্লিপার বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পরপরই বাস ও ট্রেলার উভয়টিতেই আগুন ধরে যায়।
বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক যাত্রী আটকা পড়েন। আপার বার্থে ঘুমিয়ে থাকা ৫ জন যাত্রী আগুনে দগ্ধ হয়ে মারা যান। এছাড়া মাথায় গুরুতর আঘাত পেয়ে আরও ২ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসের ভেতর থেকে যাত্রীদের আর্তচিৎকার শোনা যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং অনেক যাত্রীকে বাইরে বের করে আনতে সক্ষম হন। পরে খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান পরিচালনা করে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশের আশঙ্কা, গুরুতর আহতদের অবস্থা বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয়দের দাবি, বাসের পেছনের অংশে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট বহন করা হচ্ছিল। এ কারণে সংঘর্ষের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং ঘটনার তদন্ত চলছে।