
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে মুকসুদপুরে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেল ৪টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হোসেন বাবর, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক মোঃ কাজী ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, যুগ্ম সম্পাদক শামসুল আরেফিন মুক্তা এবং অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি মেলা ২০২৬-এর মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা সেবা, পরামর্শ ও তথ্য এক স্থান থেকেই সহজে গ্রহণ করতে পারবেন। এছাড়া ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মুকসুদপুরেও তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে। তিনি ভূমি মেলাকে সফল করতে স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রেস কনফারেন্স শেষে উপস্থিত সাংবাদিকরা ভূমি মেলার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন এবং সফল আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।