
রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন-সংগ্রামে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা আছে এবং সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে—সংরক্ষিত নারী আসনে দল তাদেরই প্রাধান্য দেবে বলে তিনি বিশ্বাস করেন।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। শুক্রবার (১০ এপ্রিল) প্রায় পাঁচ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে পুনরায় ফরম বিতরণ শুরু হয়েছে এবং শুক্রবার, শনিবার ও রবিবার—এই তিন দিন ফরম বিতরণ ও জমা গ্রহণ কার্যক্রম চলবে।
রিজভী জানান, দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ড আবেদনগুলো যাচাই-বাছাই করবে। কী পদ্ধতিতে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে, তা খুব শিগগিরই জানানো হবে।
তিনি আরও বলেন, বিএনপি বরাবরের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই প্রার্থী নির্বাচন করবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
এদিকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গতকাল থেকে আজ পর্যন্ত অফিস এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।