
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি-
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবি মৌসুমে খেসারি, মসুর, গম ও বোরো ধান (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় মুকসুদপুর পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ১ হাজার ৮০০ কৃষককে বোরো ধানের বীজ, ২২০ জনকে গমের বীজ, ১৫০ জনকে মসুরের বীজ এবং ২৯০ জন কৃষককে খেসারির বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতেই সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।