বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল ফিচার বন্ধ করছে মেটা

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪.৩৯ পিএম
  • ২৭ Time View
53

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে মূল প্রতিষ্ঠান মেটা। সামাজিক যোগাযোগমাধ্যমটির ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে। এরই মধ্যে নতুন করে অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ বন্ধ করা হয়েছে।

মেটা জানিয়েছে, এ সিদ্ধান্তে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইলের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ, অ্যাকাউন্ট খোলার সময় তৈরি করা প্রথম প্রোফাইলটি আগের মতোই থাকবে। একইভাবে ব্যবহারকারীদের পরিচালিত ফেসবুক পেজও এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।

এত দিন একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত ব্যক্তিগত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ব্যক্তিগত আগ্রহ, পেশাগত পরিচয় কিংবা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য ব্যবহারকারীরা এসব প্রোফাইল তৈরি করতেন। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা বন্ধু তালিকা, নিউজ ফিড এবং বিভিন্ন গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধা ছিল।

অতিরিক্ত প্রোফাইলগুলো মূল প্রোফাইল থেকে আলাদা হলেও একই মেটা অ্যাকাউন্টের অধীনে পরিচালিত হতো। ফলে আলাদা লগইন ছাড়াই একটি অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোফাইলে প্রবেশ করা যেত। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে একই অ্যাকাউন্টের অধীনে থাকা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। আলাদা ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে পরিচালিত স্বতন্ত্র ফেসবুক অ্যাকাউন্ট এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।

মেটার ভাষ্য, অতিরিক্ত প্রোফাইল ব্যবহারের ফলে ফেসবুকের অভিজ্ঞতা আরও জটিল হয়ে উঠেছে। এসব প্রোফাইলের কার্যক্রমের মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দ, আগ্রহ ও বিভিন্ন আচরণ সম্পর্কে ধারণা পাওয়া গেলেও সেবার ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হচ্ছিল। তাই ফেসবুকের প্রোফাইল ব্যবস্থাকে আরও সহজ করতে একটি মূল প্রোফাইলের দিকে ফিরছে প্রতিষ্ঠানটি।

মেটা আরও জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলেও বিভিন্ন উপায়ে সেগুলোর সঙ্গে মূল প্রোফাইলের সম্পর্ক শনাক্ত করা সম্ভব। একই নাম বা ছবি ব্যবহার, একই ব্যক্তিদের বন্ধু হিসেবে যুক্ত করা, একই গ্রুপে যোগ দেওয়া কিংবা একই পেজ অনুসরণ করার মাধ্যমে প্রোফাইলগুলোর যোগসূত্র বোঝা যেতে পারে।

এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলের কার্যক্রমের তথ্য ব্যবহার করে মেটা বিভিন্ন সেবায় ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিষয়বস্তু ও বিজ্ঞাপন দেখায়। একটি প্রোফাইলে ব্যবহারকারীর কার্যক্রমের ভিত্তিতে অন্য প্রোফাইলেও বন্ধু, গ্রুপ, পেজ ও বিভিন্ন বিষয়বস্তুর সুপারিশ করা হতে পারে।

তবে অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা। মেটার নির্দেশনা অনুযায়ী, প্রোফাইল মুছে যাওয়ার আগে ব্যবহারকারীরা নিজেদের ছবি, পোস্টসহ বিভিন্ন তথ্য ডাউনলোড করে রাখতে পারবেন। এ জন্য সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলে প্রবেশ করে ‘Settings & Privacy’ থেকে ‘Settings’ অপশনে যেতে হবে। এরপর ‘Your information and permissions’ বিভাগে গিয়ে ‘Export your information’ নির্বাচন করতে হবে।

সেখান থেকে প্রয়োজনীয় তথ্য বেছে নিয়ে ডিভাইসে ডাউনলোড অথবা অন্য কোনো সেবায় স্থানান্তরের অনুরোধ করা যাবে। একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে হবে।

যাঁরা অতিরিক্ত প্রোফাইল দিয়ে কোনো ফেসবুক গ্রুপ পরিচালনা করেন, তাঁদেরও বিশেষ সতর্কতা প্রয়োজন। নির্ধারিত সময়ের আগে গ্রুপের প্রশাসকের দায়িত্ব মূল প্রোফাইল বা অন্য কোনো সক্রিয় প্রোফাইলে হস্তান্তর করতে হবে। তা না হলে নতুন প্রশাসক নিয়োগ না করা পর্যন্ত সংশ্লিষ্ট গ্রুপ স্থগিত হয়ে যেতে পারে।

এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলে যুক্ত থাকা বন্ধু, গ্রুপ ও পেজের সঙ্গে মূল প্রোফাইল থেকে আবার যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছে মেটা। এ জন্য ‘Review connections’ অপশন ব্যবহার করা যেতে পারে।

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলের তথ্যের ক্ষেত্রে বৈধ আইনি অনুরোধ অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য সরবরাহ করা হতে পারে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির গোপনীয়তা নীতি ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026