সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা? অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী? বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে আবারও চালু এনআইডি সংশোধন, কোন ভুল ঠিক করতে পারবেন জেনে নিন ট্রাম্প শিবিরে ধাক্কা, ৩৪ বছরের রেকর্ড গড়ল ডেমোক্র্যাটরা দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, ফিরলেন নাঈম ও ইয়াসির নতুন CFMOTO 550MT অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের দাম, স্পিড ও প্যাকেজ জানুন নৌ অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিল ইরান

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমদানির প্রয়োজন নেই: ডিএই

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯.১৩ এএম
  • ২২ Time View
43

ব্যাপক ফলন ও আধুনিক সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির ফলে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। দেশে বার্ষিক চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশে বছরে ৩৬ লাখ টন পেঁয়াজের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি। যা চাহিদার তুলনায় ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অফ-সিজনেও বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি স্থানীয় বাজারে পণ্যটির সরবরাহ বাড়ছে।

সাধারণত দেশে পেঁয়াজের ফসল সংগ্রহোত্তর অপচয়ের হার ২০ থেকে ৩০ শতাংশ। পচন বা বৈরী আবহাওয়ার কারণে কোনো কোনো সময় এ হার ৫০ শতাংশ বা তারও বেশি হতে পারে। এ অপচয়ের কারণে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বাজারে সরবরাহ সংকট তৈরি হতো। ফলে দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমদানির প্রয়োজন দেখা দিত।

এ পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের মধ্যে আধুনিক এয়ার-ফ্লো মেশিন বিতরণ করেছে সরকার। ডিএই জানিয়েছে, এ পর্যন্ত কৃষক পর্যায়ে ২৬ হাজার ৭০০টি মেশিন বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে।

ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তোলা হয়েছে। অফ-সিজনে বার্ষিক সরবরাহ সংকট মোকাবিলায় এ ব্যবস্থা যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।

তিনি জানান, পেঁয়াজ চাষ লাভজনক হওয়ায় কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে এ ফসল উৎপাদন করছেন। বর্তমানে প্রতি বিঘা জমিতে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পেঁয়াজ উৎপাদন করা যাচ্ছে, যা প্রায় ১ লাখ টাকায় বিক্রি করা সম্ভব।

ফরিদপুরের মধুখালী উপজেলার নদীয়া গ্রামের কৃষক মো. নাসির মিয়া জানান, তিনি ছয় মাস ধরে এয়ার-ফ্লো মেশিনের মাধ্যমে ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন। তাঁর ভাষ্য, প্রচলিত পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে গেলেও আধুনিক পদ্ধতিতে তা কমে ২ থেকে ২ দশমিক ৫ কেজিতে নেমে এসেছে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আমিন বলেন, এপ্রিল মাসে পেঁয়াজ সংগ্রহের পর প্রতি মণ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দাম বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় ওঠে। আধুনিক সংরক্ষণব্যবস্থার কারণে কৃষকেরা তুলনামূলক ভালো দামে পেঁয়াজ বিক্রির সুযোগ পাচ্ছেন।

অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া পেঁয়াজ রপ্তানির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে প্রায় ৪০ টাকা খরচ হয়। তাই কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে রপ্তানির বিষয়েও সরকারের মনোযোগ দেওয়া প্রয়োজন।

ডিএইর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদনের বিপরীতে আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে ৩৯ লাখ টন উৎপাদনের বিপরীতে আমদানি হয়েছিল প্রায় ৬ লাখ টন।

আধুনিক সংরক্ষণব্যবস্থা সম্প্রসারণে কৃষকদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে এয়ার-ফ্লো মেশিন কেনার জন্য ১৯ হাজার টাকা, মাচা বা প্ল্যাটফর্ম তৈরির জন্য ৭ হাজার টাকা এবং সাইনবোর্ড স্থাপনের জন্য ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন কৃষককে মোট ২৭ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিটি এয়ার-ফ্লো মেশিনে প্রায় ১০ টন পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এ প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ইতোমধ্যে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রকল্পের তথ্য জানানো হয়েছে।

পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬ জেলার ১০৭টি উপজেলায় এ সংরক্ষণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের আওতায় ৩ হাজার ৯০০ কৃষককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ ছাড়া গ্রীষ্মকালীন ও মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন বাড়াতে ৪০ জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত সম্প্রসারণ এবং মানসম্মত চারা উৎপাদনের মাধ্যমে সারা বছর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026