শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিসহ যেসব আয়োজন বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমান, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা স্থানীয়দের আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে

কুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্প

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২.০২ পিএম
  • ১৭ Time View
32

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আয়োজিত ‘CoU TECHNOVA 2026’-এর প্রজেক্ট শোকেসে প্রথম স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একটি গবেষণা প্রকল্প। প্রকল্পটি উপস্থাপন করেন নোবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৬তম ব্যাচ) শিক্ষার্থী শেখ তরিকুল ইসলাম।

​‘IoT-Based Real-Time Water Quality Monitoring System for Smart Aquaculture’ শীর্ষক এই প্রকল্পে প্রচলিত পদ্ধতিতে পুকুরের পানির মান পরীক্ষার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সমাধান তুলে ধরা হয়েছে। গবেষকদের মতে, হাতে-কলমে নমুনা সংগ্রহ করে পানির মান যাচাই করলে দ্রুত বদলে যাওয়া দ্রবীভূত অক্সিজেন (ডিও) বা অ্যামোনিয়ার ঝুঁকি অনেক সময় সময়মতো ধরা পড়ে না। এতে মাছের মড়ক লাগার আশঙ্কা তৈরি হয়। সেই সমস্যা সমাধানে একটি ভাসমান, জলরোধী ও সৌরশক্তিচালিত রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা তৈরি করেছে দলটি।

​যেভাবে কাজ করে সিস্টেমটি

প্রকল্পের তথ্য অনুযায়ী, পুকুরের মাঝখানে স্থাপিত ভাসমান প্ল্যাটফর্মটিতে রাস্পবেরি পাই ৫ ও এমসিপি৩০০৮ এডিসি ব্যবহার করা হয়েছে। এতে পিএইচ, দ্রবীভূত অক্সিজেন, তাপমাত্রা, টিডিএস ও অ্যামোনিয়া সেন্সর যুক্ত রয়েছে। রয়েছে একটি এলসিডি ডিসপ্লে।

​প্রতি ২০ মিনিট পরপর সংগৃহীত তথ্য ফায়ারবেস ক্লাউডে পাঠানো হয়। ইন্টারনেট সংযোগ না থাকলে ডেটা স্থানীয়ভাবে সংরক্ষিত থাকে এবং সংযোগ ফিরলে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হয়। এ ছাড়া একটি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম মান, পানির মান সূচক (ডব্লিউকিউআই) এবং নির্ধারিত সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয় সতর্কবার্তা দেখা যায়। পাঁচটি প্যারামিটারের সমন্বয়ে পুকুরের অবস্থাকে ‘গুড’, ‘মডারেট’ বা ‘পুওর’—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে।

​সিস্টেমটিতে মেশিন লার্নিং যুক্ত করে ২০, ৪০ ও ৬০ মিনিট আগাম দ্রবীভূত অক্সিজেনের পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে অক্সিজেন সংকট তৈরির আগেই এরেশন চালুর পরামর্শ পাওয়া যায়। এ জন্য এক্সজিboost, র‍্যান্ডম ফরেস্ট, হিস্টোগ্রাম গ্রেডিয়েন্ট বুস্টিং, এসভিআর, এলএসটিএম ও জিআরইউ—এই ছয়টি মডেলের তুলনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ২০ ও ৪০ মিনিটের পূর্বাভাসে হিস্টোগ্রাম গ্রেডিয়েন্ট বুস্টিং সবচেয়ে ভালো ফল দিয়েছে (এমএই যথাক্রমে ০.৩৬৫ ও ০.৫৭০ মিলিগ্রাম/লিটার)। আর ৬০ মিনিটের জন্য জিআরইউ মডেল ভালো ফল দিয়েছে (এমএই ০.৫০২ মিলিগ্রাম/লিটার)।

​মাঠপর্যায়ে পরীক্ষা ও সাফল্য

প্রায় ছয় মাস তিনটি পুকুরে সিস্টেমটি মাঠপর্যায়ে পরীক্ষা করা হয়েছে। এ সময় ৯৮ শতাংশের বেশি আপটাইম পাওয়া গেছে এবং প্রায় ৩০ হাজার রেকর্ড সংগৃহীত হয়েছে। গবেষকেরা জানান, শুধু একটি সেন্সরের মানে পুকুরের প্রকৃত অবস্থা বোঝা যায় না। যেমন একটি পুকুরে অক্সিজেনের মাত্রা বেশি থাকলেও পিএইচ ও অ্যামোনিয়া বেশি থাকায় সামগ্রিক মান ‘পুওর’ হিসেবে ধরা পড়ে। তাই সামগ্রিক সূচকের আড়ালে কোনো বিপজ্জনক মাত্রা যেন চাপা না পড়ে, সে জন্য প্যারামিটারভিত্তিক আলাদা ঝুঁকি স্তর যুক্ত করা হয়েছে।

​গবেষণার ফলাফল বলছে, সিস্টেমটি চালুর পর সমস্যা শনাক্তের পর প্রতিক্রিয়ার সময় কয়েক ঘণ্টা থেকে কমে ৩০ মিনিটের মধ্যে নেমে এসেছে। পাশাপাশি এরেশনের সময় দৈনিক প্রায় ৬ ঘণ্টা থেকে কমে সাড়ে ৪ ঘণ্টায় দাঁড়িয়েছে।

​গবেষণা দল ও ভবিষ্যৎ পরিকল্পনা

গবেষণাটি তত্ত্বাবধান করেছেন নোবিপ্রবির সিএসটিই বিভাগের অধ্যাপক ড. নাজিয়া মাজাদি। বর্তমানে গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন শেখ তরিকুল ইসলাম। দলে আরও যুক্ত আছেন নোবিপ্রবির ফিশারিজ ও মেরিন সায়েন্স বিভাগের ড. মো. রাকেব-উল ইসলাম, অস্ট্রেলিয়ার টিএএফই কুইন্সল্যান্ডের জ্যারড ট্রেভাথান এবং ফারমান আরেফিন তামিম। শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) অর্থায়নে (গ্রান্ট আইডি: IC20232827) প্রকল্পটি পরিচালিত হয়েছে। এই গবেষণার একটি অংশ ‘এমআইইটি ২০২৬’ সম্মেলনে গৃহীত হয়েছে।

​ভবিষ্যতে স্বয়ংক্রিয় এরেশন ও ফিডিং ব্যবস্থা যুক্ত করে মনিটরিং থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় খামার ব্যবস্থাপনার দিকে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026