
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:
ভারতের কর্ণাটক রাজ্যের একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও কয়েকজন শ্রমিক, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কর্ণাটকের ইয়াদগির জেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ ঝাঁঝালো গন্ধ অনুভব করেন। গ্যাস কোথা থেকে লিক হচ্ছে তা বুঝে ওঠার আগেই বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কারখানা খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। পরে ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেন।
এ ঘটনায় কারখানার ম্যানেজারসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
জেলার পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তে কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শ্রমিকদের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।