শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ বিক্ষোভ।

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫৪ পিএম
  • ৭১৭ Time View
329

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার একটি কারখানার শ্রমিকেরা হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধি, প্রশাসন বিভাগের ব্যবস্থাপকের অপসারণসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। আর অ্যান্ড জি বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা আজ রোববার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় তিন ঘণ্টা শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে কারখানার প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান আহাম্মেদ স্বেচ্ছায় পদত্যাগ করলে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।

এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে এখনো গাজীপুরের চারটি কারখানা বন্ধ আছে। অন্য সব কারখানায় স্বাভাবিক উৎপাদনপ্রক্রিয়া অব্যাহত রয়েছে। শ্রমিকেরা আজ সকাল থেকেই কাজে যোগ দেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও প্রস্তুত রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, বিভিন্ন কারণে গাজীপুরের চারটি কারখানা এখনো বন্ধ রয়েছে। তারা শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বিকেলে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ ছাড়া আর কোনো কারখানায় সমস্যার খবর পাওয়া যায়নি।

আর অ্যান্ড জি বিডি লিমিটেড কারখানার বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান আহাম্মেদ বিভিন্ন বিষয়ে শ্রমিকদের ডেকে ছোটখাটো বিষয় নিয়ে গালিগালাজ করেন। এ কারণে তাঁর পদত্যাগ দাবি করেন শ্রমিকেরা। এ ছাড়া হাজিরা বোনাস ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা, রাত আটটা পর্যন্ত কাজ করলে টিফিন বিল ২০ থেকে বৃদ্ধি করে ৪০ টাকা চান শ্রমিকেরা। শ্রমিকদের অন্য দাবির মধ্যে রয়েছে—ছুটি কাটলে হাজিরা বোনাস কাটা যাবে না, অর্জিত ছুটির টাকা প্রতিবছরের জানুয়ারি মাসে পরিশোধ করতে হবে, ভেতরে ক্যানটিনের ব্যবস্থা করতে হবে, শ্রমিকের প্রয়োজন অনুযায়ী সব ধরনের প্রাপ্য ছুটি প্রদান করতে হবে এবং প্রশাসন ম্যানেজার অযথা কোনো শ্রমিককে সেকশনে ডেকে এনে খারাপ আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কারখানার শ্রমিক মাহবুব হোসেন বলেন, ‘আমাদের হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিল নিয়েও কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করলেও তারা আমাদের এসব আবেদনের কোনো গুরুত্ব দেয় না। যেসব শ্রমিক এসব দাবির সঙ্গে আছেন, তাঁদের চিহ্নিত করে বিনা কারণে বরখাস্ত করা হয়। পরে একসময় তাঁদের চাকুরিচ্যুতি করা হয়।’

এসব বিষয়ে মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান আহাম্মেদ সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা অযৌক্তিক ও মিথ্যা। বর্তমান পরিস্থিতিতে কি কোনো শ্রমিকের গায়ে হাত তোলা যায়?’

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, আর অ্যান্ড জি বিডি গার্মেন্টস লিমিটেড কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক স্বেচ্ছায় পদত্যাগের পাশাপাশি সব দাবি কর্তৃপক্ষ মেনে নিলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান। পরে বিকেল পাঁচটায় যান চলাচল শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026