
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন থেকে শুরু হবে রোজা। আর সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৯ বা ১০ মার্চ উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে ওই সন্ধ্যায় প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। পরদিন ৮ ফেব্রুয়ারি হবে প্রথম রোজা। তবে চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ এক দিন পিছিয়ে যেতে পারে।
হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল। এ কারণে ইসলামি বছরের দিনসংখ্যা গ্রেগরিয়ান বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন কম। ফলে ইংরেজি বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান মাস আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় ঈদুল ফিতরের দিন। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৯ মার্চ (মঙ্গলবার) অথবা ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে। রমজান ২৯ দিনের হলে ৯ মার্চ এবং ৩০ দিনের হলে ১০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বিভিন্ন দেশে চাঁদ দেখার পদ্ধতি ও স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে এক দিনের পার্থক্য হতে পারে। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্ভাব্য তারিখ বাংলাদেশের জন্যও চূড়ান্ত বলে বিবেচিত হবে না। বাংলাদেশে রমজান ও ঈদের তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার মাধ্যমে নির্ধারিত হবে।
রমজান মুসলিম উম্মাহর কাছে আত্মশুদ্ধি, সংযম, ইবাদত ও দান-সদকার বিশেষ মাস। তাই আগাম জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের ভিত্তিতে অনেকেই ধর্মীয় ও পারিবারিক প্রস্তুতি শুরু করেন। তবে নির্ভুল তারিখ জানতে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
সূত্র: গালফ নিউজ,
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.