
দেশে হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনায় একজন করে রয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৫ জনের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ৫৪ জন। বাকি ৯৬১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৮ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.