
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শুকনো মৌসুমে হাওরাঞ্চলের জমিতে সেচের পানি ধরে রাখতে কৃষকদের স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি বাঁধ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের জামলাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কৃষকেরা বিষয়টি দেখতে পান এবং এতে ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হাওরের পানি অস্বাভাবিক দ্রুত কমছে। এতে আসন্ন আবাদ মৌসুমে ধান রোপণ ও উৎপাদন নিয়ে মাটিয়ান হাওরপাড়ের চাষিদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির উদ্যোগে কয়েক দফা আলোচনার পর জামলাবাজ নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রাখার সিদ্ধান্ত হয়।
গত ৮ নভেম্বর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়দল, জামলাবাজ ও গাজীপুর গ্রামের কৃষকেরা স্বেচ্ছাশ্রমে জামলাবাজ নদীতে ৫০ ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করেন। এতে বাঁশ, চটের বস্তা ও মাটি ব্যবহার করা হয়।
বুধবার সকালে জামলাবাজ গ্রামের কৃষক আকতার হোসেন নদীর পাড়ে গিয়ে বাঁধের প্রায় ২০ ফুট কাটা দেখতে পান। তিনি বলেন, এ বছর হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় ফসল নিয়ে তাঁরা শঙ্কায় আছেন। বাঁধ কাটায় পানি বেরিয়ে যাচ্ছে। আকতার হোসেনের ভাষ্য, বড়দল গ্রামের উত্তর-পূর্ব পাশের একটি জলমহালের ইজারাদারের পক্ষে নদীর পানি কমলে মাছ ধরা সুবিধাজনক হয়। তাঁর সন্দেহ, মাছ ধরার সুবিধার জন্যই বাঁধ কাটা হয়েছে। তবে এ সন্দেহের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের অভিযোগ, বাঁধটি কয়েক দিন পরপরই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কেটে দেয়। যাঁরা চাঁই দিয়ে মাছ ধরেন, হয়তো তাঁরাই এতে জড়িত। খবর পেয়ে তিনি পুনর্নির্মাণের জন্য আবার শ্রমিক পাঠিয়েছেন।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সামায়ুন কবির বলেন, বুধবার সকালে বাঁধ কাটার তথ্য পেয়ে তিনি বড়দল গ্রামের কৃষকদের নিয়ে দিনভর স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। বিকেল ৪টার দিকে তাঁরা পানি আটকাতে পেরেছেন।
অন্য কৃষকেরা বলেন, বাঁধ কাটা হলে সেচের অভাবে ধানচাষ ক্ষতিগ্রস্ত হবে। তাঁরা বাঁধ রক্ষায় প্রশাসনের নজরদারি ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, তিনি বাঁধ কাটার খবর পেয়েছেন। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.