
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তাঁদের সঙ্গে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কমান্ডার ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পর্যালোচনা ও উন্নয়নে সহায়তার জন্য তিন ডজনের বেশি মার্কিন সামরিক উপদেষ্টা দেশটিতে যাচ্ছেন। তাঁদের কয়েকজন ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। তবে অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সফরের সময়সূচি নির্দিষ্ট করে জানানো হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এসব তথ্য জানিয়েছেন। এ বিষয়ে সংবাদমাধ্যমটি পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক আকাশপথের হামলার মুখে সৌদি আরবের জন্য এই মার্কিন সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে সৌদি বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতিরা। এতে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি সৌদি আরবের বিনিয়োগ ও পর্যটন খাতের ওপরও চাপ তৈরি হয়েছে।
গত মাসে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহের মধ্যে একাধিক হামলার ঘটনা ঘটে। ১০ অক্টোবরের হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল। পরদিনও বিমানবন্দর এলাকায় হামলার ঘটনায় একজন নিহত হন। ফলে বিমানবন্দরের নিরাপত্তা ও সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।
সৌদি আরবের কাছে উপসাগরীয় অঞ্চলের অন্যতম বড় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার মজুত রয়েছে। তবে দেশটির বিশাল ভূখণ্ডজুড়ে সস্তা ড্রোন ও অন্যান্য আকাশপথের হামলা ঠেকাতে এসব ব্যবস্থা কীভাবে মোতায়েন করা হচ্ছে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়েছে। মার্কিন সামরিক উপদেষ্টারা এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতিও সৌদি আরবের জন্য জটিল হয়ে উঠেছে। ইরান-সমর্থিত হুতি বাহিনী দেশটির বিভিন্ন এলাকায় সামরিক অগ্রগতি অর্জন করেছে। সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী সম্প্রতি বাব আল-মান্দাব প্রণালির আশপাশের কিছু কৌশলগত অবস্থান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর ফলে ওই অঞ্চলে হুতিদের প্রভাব বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে অবগত এক পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, স্থানীয় পর্যায়ে হুতিবিরোধী অবস্থান থাকায় এডেনের পতন হবে বলে তিনি মনে করেন না। তবে সৌদি আরব ও তার মিত্রদের জন্য সামগ্রিক পরিস্থিতিকে তিনি ‘খুবই খারাপ’ বলে বর্ণনা করেছেন।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক নেতৃত্বেও পরিবর্তন এসেছে। সৌদি বাদশাহ সালমান দেশটিতে জোট বাহিনীর দায়িত্বে থাকা কমান্ডারকে অপসারণ করেছেন। যুদ্ধক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতি এবং সৌদি-সমর্থিত বাহিনীর চ্যালেঞ্জের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রেও সফরটি তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দুই দেশ কৌশলগত মিত্র হলেও সাম্প্রতিক সময়ে সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে সৌদি আরবের সামরিক সক্ষমতা নিয়ে সমালোচনা করেন। তাঁর দাবি, সামরিক দুর্বলতার কারণে সৌদি আরব ও অন্য উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু না করার অনুরোধ জানিয়েছিল।
এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক উপদেষ্টাদের সৌদি আরবে পাঠানোর উদ্যোগ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আরও বাড়াতে পারে। বিশেষ করে হুতি হামলা মোকাবিলা এবং ইরানের সঙ্গে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ওয়াশিংটনের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: মিডল ইস্ট আই
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.