
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় আহ্বান করা এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও আলোচনা হতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি বিল পাসের পরিকল্পনা রয়েছে বলে সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকতে পারে না। গত ১০ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছিল।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল আসতে পারে। এসব বিলের ওপর আলোচনা হবে। অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করতে রোববার জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা কয়েকটি অধ্যাদেশ বিল আকারে উত্থাপনের বিষয়টি গুরুত্ব পেতে পারে। এ ধরনের অধ্যাদেশ সংসদে বিল হিসেবে পাসের মাধ্যমে আইনে পরিণত করার প্রক্রিয়া রয়েছে। তবে কোন কোন বিল উত্থাপন করা হবে, তার পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ্যে আসেনি।
অধিবেশনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনা থাকবে। বিরোধী দলের পক্ষ থেকে চলমান কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রস্তাব এলে তা নিয়েও নির্দিষ্ট সময় বরাদ্দ হতে পারে।
তবে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উত্থাপনের সম্ভাবনা নেই। সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি এ বিষয়ে সুপারিশ তৈরির কাজ করছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করে ২০২৭ সালের জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে সংশোধনী প্রস্তাব উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশন বসার নিয়মিত প্রক্রিয়া থাকায় নভেম্বরের অধিবেশন দীর্ঘ করার পরিকল্পনা নেই। চিফ হুইপের বক্তব্য অনুযায়ী, অধিবেশনটি প্রায় ১০ দিন চলতে পারে এবং ২০ নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.