
সুনামগঞ্জের তিনটি সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফুচকা, গরুসহ বিভিন্ন পণ্য ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ সদর উপজেলা এবং দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা ও বাগানবাড়ি সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সদর উপজেলার নারায়ণতলা সীমান্তে টহলের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় মদের বিপুল সংখ্যক বোতল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেগুলো জব্দ করে। একই সময়ে দোয়ারাবাজারের বাগানবাড়ি সীমান্তে টহলদল ভারতীয় ফুচকাসহ একটি মোটরসাইকেল জব্দ করে। বাঁশতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়।
অবৈধভাবে ভারত থেকে আনা এসব পণ্য জব্দ করা গেলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দ করা মালামাল সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.