
সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে এমপিও আবেদন করতে না পারা মাদ্রাসাশিক্ষকদের জন্য চলতি মাসে নতুন কোনো সুযোগ দিচ্ছে না মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের আগামী মাসে আবেদন করতে হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
শনিবার (৭ নভেম্বর) অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এমপিও আবেদন সরাসরি শিক্ষকদের বেতন-ভাতার সঙ্গে সম্পর্কিত। তাই নির্ধারিত সময়ের বাইরে নতুন করে আবেদন গ্রহণের সুযোগ নেই। যাঁরা চলতি মাসে আবেদন করতে পারেননি, তাঁরা আগামী মাসে আবেদন করতে পারবেন।
মাদ্রাসার এমপিও আবেদন করতে গিয়ে মেমিস সফটওয়্যারে সার্ভার সমস্যায় পড়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। নির্ধারিত সময়ে সফটওয়্যারে প্রবেশ করতে না পেরে অনেক শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধান আবেদন করতে পারেননি। এ পরিস্থিতিতে চলতি মাসে আবেদনের সময় বাড়ানো হবে কি না, তা জানতে ভুক্তভোগী শিক্ষকেরা দৈনিক শিক্ষাডটকমের কাছে জানতে চেয়েছেন।
কর্মকর্তারা আরও বলেন, সার্ভার ডাউন থাকার কারণে অনেকে আবেদন করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। সার্ভারের সমস্যা সমাধান ও তথ্য পুনরুদ্ধারের কাজ চলছে। আশা করা হচ্ছে, দ্রুতই সমস্যার সমাধান হবে।
তাঁরা জানান, বিশ্বব্যাপী বিভিন্ন ওয়েবসাইটে সমস্যার কারণে এমপিও আবেদনের সময় ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আবেদন যাচাই করে পাঠানোর জন্য ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ, আবেদন যাচাইয়ের সময় থাকলেও নতুন করে আবেদন নেওয়ার সুযোগ আর থাকছে না।
সিরাজগঞ্জের চৌহালীর শিক্ষক মো. আব্দুল লতিফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মেমিস সফটওয়্যারে আবেদন করা যাচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ অধিদপ্তরে ফোন করে লগইন করতে পারছেন বলে তথ্য ছড়ালেও বিষয়টির সত্যতা তিনি নিশ্চিত হতে পারেননি। এ অবস্থায় সার্ভার সমস্যার সমাধান ও এমপিও আবেদনের বিষয়ে অধিদপ্তরের অবস্থান জানতে চান তিনি।
প্রসঙ্গত, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সফটওয়্যারের মাধ্যমে প্রতি মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত শিক্ষকদের এমপিও, উচ্চতর স্কেলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। চলতি মাসে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানপ্রধানেরা এমপিওর জন্য আবেদন করতে পারবেন। কিন্তু সার্ভার সমস্যার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারার অভিযোগ করেছেন অনেক শিক্ষক।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.