সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করায় নাজমুল হাসান (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্যাম্প-২৪-এর ক্যাম্প-ইনচার্জ (সিআইসি) খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ দণ্ডাদেশ দেন।
এপিবিএন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২৪-এর এ/০২ ব্লকে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে স্থানীয় রোহিঙ্গারা নাজমুলকে আটক করেন। খবর পেয়ে লেদা এপিবিএন ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে নাজমুল জানান, তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এর এ/০২ ব্লকের বাসিন্দা। ক্যাম্প-২৪ এলাকায় অবস্থানের কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানায় এপিবিএন।
পরে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.