
লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত থেকে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল পর্যন্ত টানা ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত আসামিরা রয়েছেন। জেলা পুলিশের এই অভিযানে লক্ষ্মীপুরের কমলনগর থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৭ জন, চন্দ্রগঞ্জ থানায় ৪ জন এবং রায়পুর থানা এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আলোচিত একটি নাম মনিরুজ্জামান পাটওয়ারী। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গেলো বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের আন্দোলন এবং সরকারবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.