
সৌদি আরবের রাজধানী রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৯ নভেম্বর) জারি করা এ সতর্কবার্তায় বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, এলাকাটি আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় বাসিন্দাদের ঘরের ভেতরে অথবা জানালা ও দরজা থেকে দূরে কোনো নিরাপদ স্থানে অবস্থান করতে এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন রোববার রিয়াদের একটি বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে ইয়েমেনের হুথি গোষ্ঠী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় সৌদি তেল কোম্পানি আরামকোর একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটিতে হামলার চেষ্টা চালানো হয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে আরামকোর বিভিন্ন স্থাপনা। এসব হামলায় তেলবাহী ট্যাংকার, শোধনাগার, তেল সংরক্ষণাগার এবং কোম্পানিটির সদর দপ্তরও লক্ষ্যবস্তু হয়েছে।
ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাত বন্ধে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যায়। এরপর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.