
মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নে কঠিন শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তরঙ্গের মূল্য এক বছরের মধ্যে পরিশোধ না করলে তৃতীয় কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর সুদ দিতে হবে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের মূল্য সুদ ছাড়া ২১ হাজার ২৩৮ কোটি টাকা হলেও কিস্তিতে পরিশোধ করলে সুদসহ মোট দিতে হবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা।
গত ১২ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ শর্তের কথা জানানো হয়। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠক করেছেন নীতিনির্ধারকেরা। সোমবার মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীরা টেলিযোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে অপারেটরদের প্রধান নির্বাহীরা জানান, গত ২০ থেকে ২৫ বছর ধরে তরঙ্গের মূল্য কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। তবে কখনো কিস্তির অর্থের ওপর সুদ নেওয়া হয়নি। এবার সুদ আরোপ করা হলে অনেক অপারেটর নতুন করে বিনিয়োগের বিষয়ে চিন্তায় পড়বে।
৯০০, ১ হাজার ৮০০ এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের মেয়াদ গত ১০ নভেম্বর শেষ হয়েছে। এখন ২০ বছর মেয়াদে এই তিন ব্যান্ডের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ পুনরায় নিলামের মাধ্যমে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মধ্যে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ জন্য গত মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি প্রস্তাব পাঠায়। প্রস্তাবে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের মূল্য ৩১৬ কোটি টাকা, ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ২৬৪ কোটি টাকা এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ ২২৯ কোটি টাকা নির্ধারণের কথা বলা হয়।
বিটিআরসির হিসাব অনুযায়ী, প্রস্তাবিত দামে তরঙ্গ বিক্রি করা হলে মোবাইল অপারেটরদের কাছ থেকে ২০ থেকে ২১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে। বিটিআরসির প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
তবে অর্থ মন্ত্রণালয়ের শর্তে নতুন জটিলতা তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খায়রুন নাহারের সই করা চিঠিতে বিটিআরসির প্রস্তাব অনুযায়ী তিন ব্যান্ডের তরঙ্গের মূল্য নির্ধারণে সম্মতি দেওয়া হয়েছে। তবে সরকার তরঙ্গের মূল্য এককালীন আদায়ে উৎসাহিত করছে বলে জানানো হয়।
বিটিআরসি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবে তরঙ্গের মূল্য ১২ কিস্তিতে ১০ বছর ৫ মাসে পরিশোধের সুযোগ রাখার কথা বলা হয়েছিল। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের মধ্যে তরঙ্গের পুরো অর্থ পরিশোধ করা না হলে তৃতীয় কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদ দিতে হবে। বর্তমানে এই সুদের হার ৮ দশমিক ১১ শতাংশ।
তরঙ্গ নবায়নের শর্ত হিসেবে অপারেটরদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে ভ্যাট, কর ও সিম ট্যাক্সসংক্রান্ত কোনো বকেয়া নেই—এমন সনদও জমা দিতে হবে।
অর্থ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের জন্য সুদ ছাড়া অপারেটরদের দিতে হবে ২১ হাজার ২৩৮ কোটি টাকা। আর কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে সুদসহ মোট অর্থের পরিমাণ দাঁড়াবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ কিস্তির কারণে অতিরিক্ত সুদ দিতে হবে ৭ হাজার ৮৯৪ কোটি ৩৭ লাখ টাকা।
হিসাব অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় কিস্তিতে অপারেটরদের প্রতিবার ১ হাজার ৭৬৯ কোটি ৮৩ লাখ টাকা করে দিতে হবে। এরপর তৃতীয় কিস্তিতে সুদসহ দিতে হবে ৩ হাজার ২০৫ কোটি টাকা এবং চতুর্থ কিস্তিতে ৩ হাজার ৬১ কোটি টাকা। এভাবে ১২তম কিস্তিতে, অর্থাৎ প্রায় ১০ বছর পর পরিশোধ করতে হবে ১ হাজার ৯১৩ কোটি ৩৭ লাখ টাকা।
অর্থ মন্ত্রণালয়ের শর্ত কার্যকর হলে তরঙ্গ নবায়নের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এ পরিস্থিতিতে নতুন বিনিয়োগের পরিকল্পনা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহীরা। সূত্র: যুগান্তর
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.