
মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে চাকরির জন্য ইলেকট্রনিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ বাংলাদেশিকে নির্বাচন করা হয়েছে। মোট ৪ হাজার ২৯ জন আবেদনকারীর মধ্য থেকে তাঁদের বাছাই করা হয়। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঢাকার প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক তালিকা তৈরি করা হয়। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদনগুলো এ বাছাইয়ের জন্য বিবেচনা করা হয়।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন। তাঁদের নামের তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রার্থীদের এরপর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব পরীক্ষা নেবেন। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে। তাঁদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় নেওয়া হবে না।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই করা হয়েছে। নির্বাচিত কর্মীদের মালয়েশিয়াগামী ফ্লাইট আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে।
এদিকে মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও সেবাভিত্তিক বিভিন্ন খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব কর্মীর চিকিৎসা পরীক্ষা ও বিমানভাড়াসহ যাবতীয় খরচ নিয়োগকর্তা বহন করবেন। ফলে তাঁরাও কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.