
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর সলিডারিটি’। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এ আয়োজনে এক মঞ্চে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। প্রায় সাত ঘণ্টার এই কনসার্টে থাকছে জেমসের নগর বাউল, ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ফলে কোনো প্রবেশমূল্য ছাড়াই পছন্দের ব্যান্ডের গান সরাসরি উপভোগ করতে পারবেন সংগীতপ্রেমীরা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর বিকেল ৩টায় কনসার্টস্থলে প্রবেশের গেট খুলে দেওয়া হবে। সংগীত পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। সাতটি ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠানটি চলবে প্রায় সাত ঘণ্টা।
কনসার্টের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ওয়ারফেজ। ব্যান্ডটি জানিয়েছে, একই শহরে, একই মঞ্চে সাতটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে ঐক্য ও সংহতির চেতনা তুলে ধরা হবে। সংগীতের মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন উদযাপনের প্রত্যাশাও জানিয়েছে দলটি।
গত দুই বছরে দেশে উন্মুক্ত মঞ্চের কনসার্ট আয়োজন তুলনামূলকভাবে কমেছে। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে একাধিক সংগীতানুষ্ঠান বাতিল হওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সাতটি জনপ্রিয় ব্যান্ডকে নিয়ে এই আয়োজন সংগীতপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
একই মঞ্চে দেশের বিভিন্ন প্রজন্মের শ্রোতাপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগের সুযোগ থাকায় ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বিনা মূল্যে দীর্ঘ সময়ের এই আয়োজন উপভোগ করতে পারবেন সংগীতপ্রেমীরা।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.