মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে লাথির আঘাতে আব্দুল বারেক নামে এক জুলাইযোদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মদন পৌরসভার টোল আদায় করছিলেন বাড়িভাদেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুল ইসলাম (১৯)। এ সময় সিএনজিচালিত অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে চকপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল বারেকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আতিকুলের লাথির আঘাতে আব্দুল বারেক মাটিতে পড়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে শফিকুল বলেন, “আপনাদের মাধ্যমে আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।”
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.