
ভারতের জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির একটি প্যাকেটজাত পানির নমুনায় ক্যানসারের ঝুঁকিসংশ্লিষ্ট উপাদান ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া গেছে। দ্বিতীয়বার পরীক্ষার পরও নমুনাটি নিরাপদ প্রমাণিত না হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)।
রোববার (২২ নভেম্বর) ‘বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’-এর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটির ঠিক কোন ধরনের প্যাকেটজাত পানীয় পরীক্ষায় অনিরাপদ হিসেবে শনাক্ত হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি নিয়ন্ত্রক সংস্থাটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এফএসএসএআই জানায়, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট-২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয়সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দেওয়া হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটির তথ্য অনুযায়ী, পরীক্ষার জন্য বিসলেরি ইন্টারন্যাশনালের একটি প্যাকেটজাত পানির নমুনা সংগ্রহ করা হয়েছিল। এটি খনিজ পানি হিসেবে নয়, প্যাকেটজাত পানি হিসেবে পরীক্ষার জন্য নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় নমুনাটিতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলেও একই ধরনের ফল পাওয়া যায়। এরপর নমুনাটিকে ‘অসুরক্ষিত’ ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ব্রোমেটকে ক্যানসারের ঝুঁকিসংশ্লিষ্ট উপাদান হিসেবে চিহ্নিত করেছে। এ কারণে বোতলজাত পানির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিসলেরি ছাড়াও বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এফএসএসএআই। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্স স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
এফএসএসএআই একটি কনফেকশনারি প্রতিষ্ঠানের পণ্য প্রত্যাহারের নির্দেশও দিয়েছে। ওই প্রতিষ্ঠানকে আগে থেকে প্যাকেটজাত চকোলেট-ভরা কুকিজ বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে। পরীক্ষায় পণ্যটিকে ‘অসুরক্ষিত’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর খাদ্য ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ই-কমার্স সংস্থাগুলোর বিরুদ্ধে প্রয়োগমূলক পদক্ষেপ জোরদার করেছে এফএসএসএআই। এ ছাড়া এনার্জি ড্রিঙ্ক ও অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও অভিযান বাড়িয়েছে সংস্থাটি।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.