
রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়।
.
ভাটারা থানা পুলিশ সূত্র জানায়, বৈশাখী পরিবহনের বাসটি সাভার–নতুন বাজার রুটে চলাচল করে। সন্ধ্যার দিকে বাসটি বারিধারা এলাকায় যাত্রী নামানোর কিছু সময় পরে হঠাৎ দুই–তিনজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে বের হন। ফলে কেউ হতাহত হননি।
.
পুলিশ সূত্র আরও জানায়, ঘটনার কাছাকাছি সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরার স্পষ্ট ফুটেজ পাওয়া যায়নি। আশপাশের এলাকার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
.
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি সরিয়ে নিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.