
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে গোয়েন্দাদের একটি দল। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে বলে গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন মুফতি রুহুল আমিন। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
মুফতি মো. রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর আলেম সমাজের একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজ পড়াতে বায়তুল মোকাররমে গেলে তাঁকে কেন্দ্র করে দুই পক্ষের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়। সংঘর্ষের দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাঁকে বায়তুল মোকাররমের খতিবের পদ থেকে অপসারণ করে। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
তাঁকে আটকের বিষয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.