
নতুন বছরের প্রথম দিনেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্যে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুরে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি-র ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গিয়াস উদ্দিন রিমন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীরা নতুন শ্রেণিতে পড়াশোনা শুরু করার আগেই যেন তাদের হাতে বই পৌঁছে দেওয়া হয়। বিশেষ করে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনটিকে আনন্দময় করে তুলতে সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার।
ছাপাখানা পরিদর্শনকালে বইয়ের গুণগত মান ও উৎপাদন প্রক্রিয়া খুঁটিয়ে দেখেন বিশেষ সহকারী। তিনি বলেন, নতুন বইয়ের গন্ধে শিক্ষার্থীদের মন আনন্দে ভরে উঠুক, এমন পরিবেশ তৈরি করতে চায় সরকার। সারা দেশে বই উৎসবের মতো আনন্দময় আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নতুন বই নিয়ে বাড়ি ফিরুক—এ লক্ষ্যেই কাজ চলছে।
বইয়ের কাগজের মান যাচাইয়ের বিষয়ে তিনি বলেন, কাগজের মান ঠিক থাকলে বইয়ের মানও ভালো থাকবে। পাশাপাশি ছাপার গুণগত মান, রঙের ব্যবহার এবং ছবির স্পষ্টতা পরীক্ষা করা হচ্ছে। কিছু বইয়ে কালো রঙের ব্যবহার তুলনামূলক বেশি মনে হওয়ায় সংশ্লিষ্টদের তা সংশোধন করতে বলা হয়েছে।
অন্যান্য ছাপাখানা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে গিয়াস উদ্দিন রিমন বলেন, যেসব ছাপাখানায় তাঁরা গিয়েছেন, সব জায়গাতেই কাগজের মান পরীক্ষা করেছেন। ছাপার রং, ছবি ও ইলাস্ট্রেশন কতটা স্পষ্টভাবে ফুটে উঠছে এবং লেখাগুলো ঠিকভাবে পড়া যাচ্ছে কি না, সেসব বিষয়ও যাচাই করা হয়েছে।
কাজের অগ্রগতিতে মোটামুটি সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, কোথাও কোথাও কিছু অসঙ্গতি পাওয়া গেছে। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ছাপার মান ও কাগজের মান নিয়ে তাঁরা মোটামুটি সন্তুষ্ট।
বিশেষ সহকারী আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো নতুন বছর শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে বই ছাপা ও মান যাচাইয়ের কাজ অব্যাহত রয়েছে।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.