
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নিয়ম অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে বলেও মাইকিং করে সতর্ক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না।
ঘোষণায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কারাদণ্ডের হুঁশিয়ারিও দেওয়া হয়।
ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের ঘোষণা দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।
কেউ এ উদ্যোগকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত ক্ষমতা কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.