
ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চালু হচ্ছে। নতুন ট্রেন দুটির নাম ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তনগর রেল যোগাযোগের নতুন সংযোজন হতে যাচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের এ-সংক্রান্ত একটি প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়। অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।
অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবে। ট্রেনটি পাবনা পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।
প্রস্তাবনা অনুযায়ী, ট্রেন দুটি উভয় পথে নয়টি স্টেশনে যাত্রাবিরতি করবে। স্টেশনগুলো হলো—ঈশ্বরদী, দাশুরিয়া, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর।
আগামী ১৯ নভেম্বর অপরাহ্ণে পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে নতুন এই আন্তনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে চালু হতে যাওয়া নতুন ট্রেন দুটি এ রুটের যাত্রীদের যাতায়াতের নতুন সুযোগ তৈরি করবে। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরবরাহ করা তথ্যে উল্লেখ করা হয়েছে।
নতুন ট্রেন চালুর ফলে ঢাকা ও পাবনার মধ্যে আন্তনগর রেল যোগাযোগে নতুন সংযোগ যুক্ত হচ্ছে। বিশেষ করে নির্ধারিত সময়সূচি ও পথে একাধিক স্টেশনে যাত্রাবিরতির কারণে রুটটির বিভিন্ন এলাকার যাত্রীরাও এ সেবা ব্যবহারের সুযোগ পাবেন।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.