হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ ও সরকারি আদেশ অমান্য করার দায়ে আব্দুল হোছাইন (২৪) নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ক্যাম্পের লিগ্যাল এইড অফিসে একটি পারিবারিক সালিশ চলাকালে বাধা সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বিকেল পৌনে ৩টার দিকে আব্দুল হোছাইন লিগ্যাল এইড অফিসে গিয়ে সালিশের একটি পক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে হুমকি দেন এবং সালিশ কার্যক্রমে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। তাঁকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হলেও তিনি তা মানেননি বলে জানানো হয়।
পরে আলীখালী এপিবিএন ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁকে হেফাজতে নেয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুল হোছাইন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জহির আহমেদ ও মায়ের নাম মমতাজ বেগম।
দণ্ডাদেশের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.