
২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে অনুমোদিত তালিকার বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
শিক্ষা বোর্ডের নির্দেশনায় অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো—এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস ও এফএক্স-৯৯১সিডব্লিউ।
আগামী ৮ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসনে বসতে হবে। সে অনুযায়ী, সকাল সাড়ে ৯টার মধ্যে আসন গ্রহণ করতে হবে।
এদিকে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার পাশাপাশি পরীক্ষার হলে অনুমোদিত মডেলের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.