
জাল সার্টিফিকেট ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, জাল সার্টিফিকেটধারীদের সামনে দুর্দিন আসছে। কোনোভাবেই তাঁরা আর জালিয়াতি লুকিয়ে রাখতে পারবেন না।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। সেখানে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর নির্ভর করলে চলবে না। শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনেও মনোযোগী হতে হবে।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে শিক্ষামন্ত্রী দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শিক্ষার পরিবেশ ও পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়েও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, স্কুলগুলোতে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী দিনে যার যার ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.