সাইফুল ইসলাম: গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৃথক অভিযান চালিয়ে মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট ভুক্ত ১০ জনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজন গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা হলেন কামরুল খানের ছেলে আলামিন খান (৪০), আকবর খানের ছেলে সুমন খান (২২), মুকিত খানের ছেলে আকবর (৪৫), মৃত আজিম উদ্দিন খানের ছেলে সাদেক খান (৪৬), ছরোয়ার খানের ছেলে জামাল (৪৬) ও মোমরেজ (৪৩), গাউস খানের ছেলে সবুর খান (৪৬) এবং লায়েক আলীর ছেলে জিকরুল (৩২)। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তিনটি মামলায় পরোয়ানাভুক্ত তরিক মুন্সী (২০) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হন।
এ ঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। পরবর্তী সময়ে আদালত থেকে কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার ওয়ারেন্ট ভুক্ত ০৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, একই রাতে নিলফা এলাকায় অভিযান চালিয়ে তিনটি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি তরিক মুন্সীকে আটক করা হয়।
ওসি আইয়ুব আলী জানান, গ্রেপ্তার হওয়া ১০ জনকে শনিবার সকালে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.