সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়।
রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি জাহাজ। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।
তল্লাশিতে বোট থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। সারগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দ করা সার ও বোট এবং আটক ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.